Madhumita Sarcar : বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন
বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন: মধুমিতা
টালিউড প্রতিবেদক: পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। কিন্তু তাদের সে ভালোবাসায় ছেদ পরে দ্রুতই। বিয়ের বছরখানেকের মাথায়ই বিচ্ছেদের পথে হাটেন তারা। এরপর থেকে এখন পর্যন্ত সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন অভিনেত্রী। কিন্তু এ জীবনেও তাকে সহ্য করতে হয় নানা জনের নানা কথা। তাদের এই বিচ্ছেদ নিয়ে নিয়মিতই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয় তাকে। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সাইবার বুলিং নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন মধুমিতা।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বুলিং আমাকে অনেক শক্তিশালী করেছে, তাই এখন আর ট্রোলড হওয়া নিয়ে ভাবি না। একটা মেয়ের দশটা সম্পর্ক ভাঙতে পারে কিন্তু একটা বিয়ে ভাঙলেই তাকে চরিত্রহীন বলা হয়। মেয়েটাকে নিয়ে অনেক প্রশ্ন ওঠে। এটা অনেক বছর ধরেই আমার সঙ্গে ঘটছে।’
মধুমিতা আরও বলেন, ‘আমি শাড়ি পরে ছবি তুললে লোক দেখানো, আর ওয়েস্টার্ন পোশাকে ছবি তুললে বলা হয় নিলর্জ্জ। আসলে, লোকের কথা শুনে নিজের লাইফস্টাইল পরিবর্তন করলে তো আর বাঁচাই যাবে না। তাই এসব নিয়ে এখন আর ভাবি না। আমার পরিচিত মানুষজন আমাকে সম্মান করলেই চলবে।’
সম্প্রতি ‘চিনি ২’ সিনেমার কাজ শেষ করেছেন মধুমিতা। ‘চিনি’ সিনেমায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ ছাড়া ‘দিলখুশ’ সিনেমায়ও দেখা গেছে তাকে। নিয়মিত কাজ করছেন ওয়েব সিরিজেও।
উল্লেখ্য, ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে ২০১১ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয় মধুমিতার। এরপর ২০১৫ সালের ২৬ জুলাই তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই ভেঙে যায় তাদের সংসার।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা


-11-08-202.jpg)


