Eid Movie: ঈদে মুক্তির দৌড়ে ১৬ ছবি: আছে ঘোষণা, নেই প্রচারণা
![]() |
| Eid Movie: ঈদে মুক্তির দৌড়ে ১৬ ছবি: আছে ঘোষণা, নেই প্রচারণা |
ঈদে মুক্তির দৌড়ে ১৬ ছবি: আছে ঘোষণা, নেই প্রচারণা
স্টাফ রিপোর্টার: দেশের চলচ্চিত্র ব্যবসা ঈদকেন্দ্রিক হয়ে গেছে অনেক বছর হলো। তাই ঈদেই সবচেয়ে বেশি ছবি মুক্তি পায়। এবারও সেই ধারা অটুট। অন্তত ১৬টি ছবির মুক্তির খবর শোনা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, রায়হান খানের ‘ট্রাইবুনাল’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’, রাশিদ পলাশের ‘রঙবাজার’, জাহিদ জুয়েলের ‘পিনিক’, সাইফ চন্দনের ‘মালিক’ ইত্যাদি।
তবে কোনো ছবিরই যথাযথ প্রচারণা নেই। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’-এর শুটিংই তো এখনো শেষ হয়নি! কয়েকটি ছবির পোস্টার-ফার্স্টলুক এসেছে বটে। তবে প্রচারণা কনটেন্ট হিসেবে টিজার, ট্রেলার কিংবা গান—এসবের কোনো হদিস নেই।
এ নিয়ে দর্শক যেমন হতাশ, তেমনি ধোঁয়াশায় হল মালিকরা। কারণ শেষ পর্যন্ত কোন ছবি মুক্তি পাবে, তা এখনো প্রেক্ষাগৃহ মালিকরাও জানেন না। আর প্রচারণার খামখেয়ালি নিয়েও আছে প্রশ্ন।
দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “ঈদের ছবি নিয়ে আমরাও দর্শকের মতো সংশয়ে আছি। গণমাধ্যমে খবর দেখছি, এত এত ছবি মুক্তি পাবে। কিন্তু কোনো ছবির ব্যাপারেই আমাদের সঙ্গে আলাপ হয়নি। হয়তো শেষ সপ্তাহে আলোচনা-চুক্তি করবে। আর প্রচারণার কথা কী বলব, কংক্রিট কোনো কিছুই এখনো দেখতে পেলাম না। এতে চলচ্চিত্রের ব্যবসা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। সময় নিয়ে প্রচারণা না করলে দর্শক জানতেও পারে না। আবার ঈদের আগমুহূর্তে তাড়াহুড়া করে মুক্তি দেওয়া হলে হল আর শোর সংখ্যা নিয়েও পড়তে হয় জটিলতায়। আরেকটা বিষয়, সবগুলো বড় ছবি ঈদে মুক্তি দেওয়ার যে ধারা তৈরি হয়েছে, এটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। এভাবে আসলে হয় না। পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখুন, শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ডিসেম্বরে, অথচ এক বছর আগে থেকেই প্রচারণা শুরু হয়ে গেছে। এভাবে ছবির হাইপ বাড়াতে হয়। কারণ চলচ্চিত্র লাইফটাইম প্রোডাক্ট। এটার যথাযথ ভ্যালু বুঝতে হবে।”
ঈদের অন্যতম আলোচিত ছবি ‘রাক্ষস’। বানিয়েছেন ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, ‘আসলে প্রচারণার জায়গায় একটু পিছিয়ে সবাই, কারণ হয়তো ছবির কাজ শেষ করতে পারেননি নির্মাতারা। নির্বাচনের আগে দেশের পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে। যেমন—আমার ছবিতে একটা হেলিকপ্টার ল্যান্ডিং দৃশ্য আছে, সেটা ঢাকায় করতে পারিনি। কারণ নির্বাচনের আগে অনুমতি পাইনি। ওদিকে আবার আর্টিস্ট ভারতের, তারও ভিসা-শিডিউল জটিলতা আছে। সবকিছু মিলিয়েই আসলে একটু দেরি হয়ে গেছে।’
তবে ‘রাক্ষস’-এর প্রচারণা নিজেদের পরিকল্পনামাফিক করছেন বলেই জানালেন হৃদয়। তাঁর ভাষ্য, ‘আমরা আমাদের প্ল্যানমাফিক এগোচ্ছি। ডিসেম্বরে একটা ভিডিও অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, যেটা আর কেউ করেনি। এরপর সিয়াম ও সুস্মিতার দুটি লুক প্রকাশ করেছি। মাঝে আবার বিশাল আয়োজনে প্রেস কনফারেন্স করেছি। পরশু [বৃহস্পতিবার] প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করব। আগামী সপ্তাহের রবি-সোমবারের মধ্যে আসবে টিজার। এরপর ধাপে ধাপে ট্রেলার, আইটেম গানও আসবে। মানে একটানা প্রচারণা চলবে।’
ঈদে আলাদা নজর থাকবে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এর দিকে। কারণ এই ছবির প্রধান চারটি চরিত্রই নারী। এ পর্যন্ত ছবিটির তিনটি পোস্টার এসেছে। কয়েক দিনের মধ্যেই ট্রেলার আসবে বলে জানালেন নির্মাতা। রাফী বলেন, ‘এবারের ঈদটা অন্যান্য সময়ের চেয়ে একটু আলাদা। কিছুদিন আগেই জাতীয় নির্বাচন গেল, এর পরই রোজা। পরিস্থিতিটা অনুকূলে আসারও বিষয় রয়েছে। তবে আমার ছবির ক্ষেত্রে বলতে পারি, এরই মধ্যে আমরা তিনটি কনটেন্ট প্রকাশ করেছি। দু-তিন দিনের মধ্যে ট্রেলার চলে আসবে। এরপর একাধিক গান, দ্বিতীয় ট্রেলারসহ অনেক কনটেন্ট তৈরি আছে, ধাপে ধাপে আসবে। আমার ছবি নিয়ে বরাবরই যথেষ্ট প্রচারণা করি, এবারও তা-ই হবে।’
শাকিবের ছবি হিসেবে ‘প্রিন্স’ নিয়ে দর্শকের আগ্রহ তুলনামূলক বেশি। অথচ ছবিটির একটি মোশন পোস্টার ছাড়া কিছুই আসেনি এখনো। তবে শিগগিরই টিজার প্রকাশিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। একই অবস্থা ‘বনলতা এক্সপ্রেস’-এরও। শুধু একটি পোস্টার এসেছে। অন্যান্য ছবির মধ্যে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’-এর টিজার এসেছে। ‘রঙবাজার’-এর ট্রেলার মাসখানেক আগে এলেও এখন নীরব সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া ‘মালিক’, ‘বনলতা সেন’ কিংবা ‘ট্রাইবুনাল’ ছবিরও নতুন কোনো খবর মিলছে না।
হাঙ্গামা/সানজানা
