Header Ads Widget

Responsive Advertisement

Puja Chery : ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’

Puja Chery : ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
Puja Chery : ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’


‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’



ঢালিউড রিপোর্টার: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। তথ্য যাচাই না করে এমন খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি জানান, বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো নির্দিষ্ট কোনো পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে কাল্পনিক সংবাদ তৈরি করা হচ্ছে। বিষয়টি তাঁর জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেন তিনি।

পূজা বলেন, ‘একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম— আমি এনগেজড এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, নিজেই তা আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছি। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। সেই কারণে ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়।’

বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা আরও বলেন, ‘বারবার বলতে চাই— আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ ও মিথ্যা তথ্য প্রচারের বিষয়েও সতর্ক করেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’

পূজা আরও উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

সবশেষে সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান পূজা। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন, অন্যথায় নিজের আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

এদিকে পূজা চেরিকে সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় দেখা গেছে। রেদোওয়ান রনি প্রযোজিত ও নির্মিত এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

হাঙ্গামা/তানজিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ