![]() |
| ৪৬-এও অবিবাহিত রাইমা, মা হতে সংরক্ষণ করেছেন ডিম্বাণু |
৪৬-এও অবিবাহিত রাইমা, মা হতে সংরক্ষণ করেছেন ডিম্বাণু
টলিউড রিপোর্টার: ভারতীয় সিনেমার অভিনেত্রী রাইমা সেন ৪৬ বছর বয়সেও অবিবাহিত। তার সমসাময়িক অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন, কেউ কেউ সন্তানের মা-ও হয়েছেন। ফলে রাইমার বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই। তবে বিয়ে কিংবা সংসার নিয়ে নিজের ভাবনা এবার খোলামেলাভাবেই জানিয়েছেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, ‘সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’
একা থাকার সিদ্ধান্ত নিয়ে মা মুনমুন সেন কী ভাবেন- এমন প্রশ্নের জবাবেও খানিকটা চমকে দিয়েছেন রাইমা। তার ভাষ্য, ‘আগে মা এ বিষয়টি নিয়ে চিন্তা করতেন। তবে এখন দেশ-দুনিয়ার পরিস্থিতি দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। মায়ের পরামর্শ, ‘জোর করে কিছু করো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’
বিয়ের প্রতি আগ্রহ না থাকলেও মা হওয়ার ইচ্ছে রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে রাইমা বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সব ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’
ভবিষ্যতে মা হওয়ার সেই সম্ভাবনার কথা ভেবেই অনেক আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন রাইমা। তিনি বলেন, ‘সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি।’
তবে মা হওয়ার সঙ্গে বিয়ের সম্পর্কটিকে এক করে দেখতে নারাজ এই অভিনেত্রী। তার কাছে বিষয়টি বেশ পরিষ্কার। রাইমার কথায়, ‘শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’
এর আগে অন্য একটি সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সে অবিবাহিত থাকার অভিজ্ঞতা কেমন- জানতে চাওয়া হয়েছিল রাইমার কাছে। তখন তিনি বলেছিলেন, ‘দারুণ। আমার মনে হয়, চল্লিশের পরই জীবন শুরু হয়। সত্যি বলতে, নিজেকে এখন অনেক বেশি স্বাধীন লাগে।’
মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা অভিনেত্রী মুনমুন সেন। তার দুই কন্যা রাইমা সেন ও রিয়া সেন- দুজনেই জনপ্রিয় অভিনেত্রী। ১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রাইমা। এরপর বাংলা ও হিন্দি- দুই ভাষার সিনেমাতেই অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা

0 মন্তব্যসমূহ