![]() |
| Safa Kabir: প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির কেন আলোচনায়? |
প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির কেন আলোচনায়?
ঢালিউড রিপোর্টার: গায়ক প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিনোদন অঙ্গন সবখানেই চলছে নানা আলোচনা, সমালোচনা ও ট্রল। এসব আলোচনার মাঝেই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাফা কবির।
কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং তার একেবারে ‘চিল’ মুডের ছবি ঘিরেই তৈরি হয়েছে নেটিজেনদের কৌতূহল। সমসাময়িক অনেক তারকাই এরই মধ্যে বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের বিয়ে কিংবা পরবর্তী ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে উঠে এসেছে আলোচনায়।
সেই তারকাদের অনেকের বিয়েতেই উপস্থিত ছিলেন সাফা কবির। এর মধ্যে প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তবে সময়ের পরিক্রমায় সেই সম্পর্কের ইতি টেনেছেন প্রীতম-শেহতাজ। আর তাদের বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পরই যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে সাফার নাম।
এর পেছনে বড় কারণ, সাফা কবির এখনো বিয়ে করেননি। ফলে নেটিজেনদের একাংশ মজার ছলে তার বর্তমান জীবনযাপনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, চারপাশের সবাই যখন বিয়ে করছেন, কেউ কেউ আবার বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন সাফা নিজের মতোই আছেন ‘চিল’ মুডে।
এর মধ্যেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ফুরফুরে মেজাজের একটি ছবি পোস্ট করেছেন সাফা। সেখানে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে থাকতে দেখা যায় তাকে। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস। হাতে রয়েছে জুসের গ্লাস। সামনে রাখা ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।
সাফার এই পোস্ট প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় শুরু হয় নতুন আলোচনা। কেউ তার এই স্বস্তির মুহূর্তকে নিছক মজার পোস্ট হিসেবে দেখেছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে নিয়েছেন।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা

0 মন্তব্যসমূহ