![]() |
| আওয়ামী লীগ দমাতে গিয়ে মরলেন দুই বিএনপি নেতা |
আওয়ামী লীগ দমাতে গিয়ে মরলেন দুই বিএনপি নেতা
নড়াইল রিপোর্টার: আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শো ডাউনে বেরিয়েছিলেন নড়াইলের কালিয়ার বিএনপি নেতাকর্মীরা। আর সেই গাড়িবহরে অতর্কিত হামলার শিকার হয়ে মারা গেছেন দুই বিএনপি নেতা। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। সেখানে তারা স্লোগান দিচ্ছিলেন- ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’। শোভাযাত্রাটি স্লোগান দিতে দিতে পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছলে আগে থেকে অবস্থান নেওয়া তিন থেকে চার শতাধিক লোক তাদের উপর হামলা চালায়। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।
এ সময় শোডাউনে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আহত হন- কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)। তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যান।
ঘটনার বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন ব্যস্ত পাওয়া যায়।
এ বিষয়ে কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার বলেন, ‘আমি শুনেছি, লোক মারা গেছেন। বিস্তারিত পরে জানা যাবে।’
ঢাকা রিপোর্টার/দেবযানী ধ্রুবেশ্বরী

0 মন্তব্যসমূহ