Header Ads Widget

Responsive Advertisement

Samira Khan Mahi: ভিন্ন কিছুর পরিকল্পনা মাহির

Samira Khan Mahi: ভিন্ন কিছুর পরিকল্পনা মাহির
Samira Khan Mahi: ভিন্ন কিছুর পরিকল্পনা মাহির


ভিন্ন কিছুর পরিকল্পনা মাহির


ঢালিউড রিপোর্টার:গেল কিছুদিন সামিরা খান মাহির ফেসবুকে চোখ রাখলেই দেখা যাচ্ছিল— কখনও সমুদ্রের নীল জলরাশির বুকে মেলে ধরেছেন নিজেকে, কখনও ছবির ক্যাপশনে লিখছেন ইস্তাম্বুল ডায়েরিজ। আলাপের শুরু সেসব নিয়েই।
 
হাঙ্গামা২৪-কে মাহি জানালেন চিকিৎসা নিতে তুরস্ক গিয়েছিলেন। বললেন, ‘মূলত চিকিৎসার জন্য যাওয়া। ঘুরেছিও, তবে তেমন একটা না। ইস্তাম্বুলেই ছিলাম। যেহেতু চিকিৎসার জন্য গিয়েছিলাম তাই শহরের বাইরে যাওয়া হয়নি।’



দেশের বাইরেও ভক্ত থাকেন তারকাদের। ভিনদেশে আচমকা প্রিয় তারকাকে পেয়ে আত্মহারা হন তারা। মাহিরও এমন অভিজ্ঞতা আছে। বললেন, ‘টার্কিতে কারও সঙ্গে দেখা হয়নি। তবে যুক্তরাষ্ট্র, লন্ডনে দেখা হয়েছিল। সেখানে সিলেটের অনেকে ছিলেন। তাদের এক কথা, তোমার নাটক খুব ভালো লাগে। সবাই অ্যাপ্রিশিয়েট করেছিলেন’। পর্দায় কী সে যাদু দেখান মাহি যাতে অভিভূত হন দর্শক— অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ‘সেটা আমার অডিয়েন্সরা বলতে পারবেন। আমি কিছু জানি না।’



ইউটিউবে নিয়মিত নাটক প্রকাশ পাচ্ছে মাহির। তবে কিছুদিন ধরে কাজে অনিয়মিত তিনি। বললেন, ‘আপাতত একটু বিশ্রামে আছি। অনেক দিন দেশের বাইরে ছিলাম। পরিবারের সঙ্গে সময় কাটানো হয়নি। এরমধ্যে কোনো কাজ করব না। আগামী দুই সপ্তাহ পর কাজে নামব।’



সেইসঙ্গে সামনে আনলেন সাময়িক বিরতির পেছনের কারণ। অনুরাগীদের অনেকেই নাটকের বাইরে ওটিটি, সিনেমায় দেখতে চান মাহিকে। সেরকম কিছু এবার হচ্ছে। তাই নামার আগে একটু দম নিচ্ছেন। মাহির কথায়, ‘ভিন্ন কিছুর পরিকল্পনা চলছে। সেটা ওটিটি হতে পারে কিংবা সিনেমাও। তাই বিরতি নিয়েছি। নিজেকে প্রস্তুত করছি। সময় হলে জানাব। আপাতত কিছু বলার অনুমতি নেই।’



গল্পের প্রয়োজনে নিত্য নতুন চরিত্রে ঢুকতে হয় অভিনয়শিল্পীদের। ব্যক্তিজীবনে তা কতটা প্রভাব ফেলে— জানতে চাইলে বলেন, ‘যখন কোনো চরিত্রে দীর্ঘদিন কাজ করি তখন একটু প্রভাব পড়ে। বাসায় আসার পর দেখি ফ্যামিলি মেম্বাররা বলছে, কী ব্যাপার! তুমি আজকে একটু অন্যরকম আচরণ করছ! ওই জায়গা থেকে মনে হয় মাঝে মাঝে প্রভাব পড়ে।’



আগামী দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান— প্রশ্ন করতেই জয়া আহসানকে টেনে আনলেন মাহি। তার আগে বলে নিলেন, ‘নিজেকে ভালো জায়গায় দেখতে চাই। আমি মনে করি সব শিল্পীই এরকম প্রত্যাশা করে। ভালো আর্টিস্ট হতে চায়। উদাহরণ হিসেবে জয়া আহসানের কথা বলব। আমাকে যদি বলা হয় একজন পারফেক্ট আর্টিস্টের ডেফিনেশন দাও তবে ওনার (জয়া আহসান) নাম আগে বলব।’



এদিকে আজকাল সামাজিক মাধ্যম যেন হয়ে উঠেছে শিল্পীদের ব্যক্তিজীবন ব্যবচ্ছেদের টেবিল। মাহির সঙ্গেও এরকম হয়েছে। সে সময় মুখও খুলেছেন। এখন আর এসব নিয়ে বলতে আগ্রহ পান না। তার কথায়, ‘এটা উপলব্ধির বিষয়। কেউ যদি কারও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি শান্তি পায় সেখানে কিছু বলে কোনো লাভ নেই। তবে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি কথা হোক কোনো শিল্পীই চান না।’



নিজের ব্যক্তিজীবন নিয়েও আর বলতে চান না অভিনেত্রী। তবে শিগগিরই যে সানাই বাজছে না সেটুকু জানিয়ে রাখলেন।


হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ